আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ভবনে রবীন্দ্রসন্ধ্যা

জন্মভূমিতে উড়ে যাচ্ছিলেন তিনি। তবে বন্ধুর আহ্বান উপেক্ষা করতে পারলেন না। পাখা গুটিয়ে নামতে হলো আবুধাবিতে। তিনি চঞ্চল খান। কণ্ঠে তাঁর মধু ঝরে। রবীন্দ্রসংগীত তাঁর প্রিয় অঙ্গন।

আবুধাবির প্রবেশ দ্বার গেইট সিটিতে রাষ্ট্রদূত ভবন। এখানে গত শনিবার রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করেন। আমন্ত্রণ জানান সমাজের বিভিন্ন মহলের প্রতিনিধিকে। তারা আসেন। উপভোগ করেন একক শিল্পীর গান।
রবীন্দ্রনাথের দর্শন তাঁর লেখা। পূজা, প্রেম ও বিচিত্র ভাবের সংগীতে তিনি নিজেকে উপস্থাপন করেছেন ভিন্ন এক আদলে। এর মধ্য দিয়ে বিশ্বকবির দেশপ্রেম, মানবতা, ভক্তির মতো অভিধাগুলো প্রতিফলিত। তাঁর গানে মানবীয় অনুভূতিগুলো এত প্রবলভাবে গাঁথা যে, সংগীতপ্রেমীরা এর সঙ্গে যুক্ত না হয়ে পারেন না।